আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মত কমেছে স্বর্ণের দাম। ডলার শক্তিশালী হওয়ায় ধাতুটির দাম গত দুই সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। উচ্চ সুদহার থাকায় বিনিয়োগকারীরা এখন মার্কিন ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকছেন। এতে চাহিদা কমে নিম্নমুখী হয়েছে স্বর্ণের বাজার। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের দাম নেমেছে ১ হাজার ৯৬৩ ডলার ৪৯ সেন্টে। গত ২৪ অক্টোবরের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটেও দাম কমেছে দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৯৬৯ ডলার ৯০ সেন্টে।
এদিকে ছয় সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে যাওয়ার পর গত দুদিনে ডলারের বিনিময় মূল্য বেড়েছে দশমিক ৬ শতাংশ। ফলে ভিন্ন মুদ্রার গ্রাহকদের জন্য স্বর্ণের ক্রয় আরো ব্যয়বহুল হয়ে পড়েছে। এটিও উজ্জ্বল হলুদ ধাতুটির চাহিদা কমাতে ভূমিকা রেখেছে।
সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, বিনিয়োগকারীরা আসন্ন ডিসেম্বরের মিটিংয়ে ফেডের সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা দেখছেন ৯০ শতাংশ। আর আগামী বছরের জুনের প্রথম দিকে হার কমানোর সম্ভাবনা দেখছেন প্রায় ৮০ শতাংশ।
সাম্প্রতিক সময়ে স্বর্ণের বাজারে বড় প্রভাবক হয়ে উঠেছে ইসরায়েল-হামাস যুদ্ধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সাধারণ যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি জানিয়েছেন, জিম্মিদের প্রস্থানের সুবিধার্থে ও সাহায্য প্রবেশের জন্য ইসরায়েল গাজা যুদ্ধে ‘কৌশলগত সামান্য বিরতি’ বিবেচনা করবেন।
এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে-রোল ডাটার পরে বিনিয়োগকারীরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তারা মনে করছেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক সামনে সুদহার আরো বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে ফেড ব্যাংক অব মিনিয়াপলিসের প্রেসিডেন্ট নিল কাশকারি বলেছেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আরো কাজ করতে হবে।’
বাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেন, ‘এ সপ্তাহে ট্রেজারি নিলামে কিছু চাহিদা দেখতে পাচ্ছি। সামনে আবারো ট্রেজারি বন্ডের চাহিদা ঊর্ধ্বমুখী হতে পারে এবং স্বর্নের ওপর কিছুটা নিম্নমুখী চাপ সৃষ্টি করতে পারে।’
অন্যদিকে গতকাল স্পট মার্কেটে রুপার দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নেমেছে ২২ ডলার ৩৫ সেন্টে। একই সময় প্ল্যাটিনামের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৮৭৯ ডলার ৭৭ সেন্টে।
প্যালাডিয়ামেরও দাম ২ দশমিক ৮ শতাংশ কমে ঠেকেছে ১ হাজার ৭ ডলার ৭৩ সেন্টে। ২০১৮ সালের অক্টোবরের পর অর্থাৎ গত পাঁচ বছরের মধ্যে এটিই ধাতুটির সর্বনিম্ন দাম।










