দিনাজপুরের হিলির কাঁচাবাজারগুলোয় উঠতে শুরু করেছে দেশীয় নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা দরে। এদিকে দেশীয় পেঁয়াজের দাম কমায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজের পরিবর্তে এখন দেশীয় পেঁয়াজ কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
পেঁয়াজ কিনতে আসা রাসেল হাসান বলেন, ভারতীয় পেঁয়াজের তুলনায় দেশীয় পেঁয়াজের স্বাদ বেশ ভালো। কিন্তু এত দিন দাম বেশি থাকায় কম দামে ভারতীয় পেঁয়াজই কিনতাম। তবে এখন বাজারে দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠেছে। ৩০-৩২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে এখন আর ভারতীয় পেঁয়াজ কিনছি না।
ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, কয়েক দিন আগে থেকেই বাজারে দেশীয় নতুন জাতের পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। দাম কম থাকায় দেশীয় পুরনো পেঁয়াজ ও ভারতীয় পেঁয়াজ ক্রয় কমিয়ে দিয়ে এসব পাতা পেঁয়াজ কিনছিলেন। এর মধ্যেই পার্শ্ববর্তী উপজেলা পাঁচবিবি অঞ্চলের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। প্রতি কেজি পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি করা হচ্ছে। অনেকে ভারতীয় পেঁয়াজ ক্রয় কমিয়ে দিয়ে দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ কিনছেন।










