ডলারের বিনিময় হার বৃদ্ধি ও মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে তামার দাম। তবে চীনে অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রত্যাশা শিল্প ধাতুটির দরপতনের লাগাম কিছুটা টেনে ধরেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ২ শতাংশ কমেছে। এতে প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৯৭৭ ডলার। আর সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) নভেম্বরে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। এতে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ৮৪ ডলার ৯৪ সেন্টে।

ডলারের বিনিময় হার বেড়ে গেলে ভিন্ন মুদ্রার গ্রাহকদের জন্য পণ্য ক্রয় খরচ বেড়ে যায়। বাড়তি ব্যয়ের চাপ কমাতে ব্যবহারকারীরা আমদানি সীমিত করে দেন। এতে চাহিদা কমে ধাতুটির বাজার নিম্নমুখী হয়েছে। এএনজেড রিসার্চ এক প্রতিবেদনে জানিয়েছে, দরের সাম্প্রতিক দুর্বলতা খনি শিল্পের উদ্বেগ বাড়াচ্ছে।

তামার পাশাপাশি লন্ডন মেটাল এক্সচেঞ্জে কমেছে অন্যান্য ধাতব পণ্যের দামও। অ্যালুমিনিয়ামের দাম কমেছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ ডলার। সিসার দাম দশমিক ২ শতাংশ কমে টনপ্রতি স্থির হয়েছে ২ হাজার ৯২ ডলার ৫০ সেন্ট। তবে দস্তার দাম দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৮ ডলারে। আর টিনের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ২৫ হাজার ৩৩৫ ডলার।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে অ্যালুমিনিয়াম দশমিক ১ শতাংশ কমে প্রতি টন ১৮ হাজার ৯৬০ ইউয়ান, নিকেল দশমিক ২ শতাংশ কমে ১ লাখ ৫০ হাজার ইউয়ান, টিন দশমিক ৭ শতাংশ কমে ২ লাখ ১৬ হাজার ৮২০ ইউয়ান ও দস্তা দশমিক ৮ শতাংশ কমে ২০ হাজার ৯৪৫ ইউয়ানে ছিল। 

যেখানে সিসা দশমিক ৬ শতাংশ বেড়ে ১৬ হাজার ৫২০ ইউয়ানে পৌঁছেছে।