একই সঙ্গে তারা জোনভুক্ত শিল্পে সমপরিমাণ নগদ প্রণোদনা, লিজ ট্যারিফের ওপর ভ্যাট প্রত্যাহার এবং প্রচ্ছন্ন রফতানিতে প্রশাসনিক জটিলতা দূর করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেজিয়া) মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল অনুষ্ঠিত এ সভায় বেজিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এমএ জব্বার। তার সঙ্গে ছিলেন সহসভাপতি মো. হালিমুজ্জামান, পরিচালক দেলোয়ার এইচ টিটু, সিইও ড. অপরূপ চৌধুরী ও সদস্য মো. মুস্তাফিজুর রহমান। বিজিএমইএর পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সভাপতি মাহমুদ হাসান খান। আলোচনায় আরো অংশ নেন সংগঠনের সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান।

সভায় সরকারের স্বল্পমেয়াদি অগ্রাধিকারের অংশ হিসেবে প্রথম ধাপে পুরোপুরি কার্যকর করার জন্য পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলের অনুকূলে বরাদ্দ করা প্লটগুলোর বর্তমান অগ্রগতি এবং বিনিয়োগকারীদের বিভিন্ন নীতিনির্ধারণী প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।

বেজিয়া সভাপতি এমএ জব্বার জানান, বহু উদ্যোক্তা প্লটের জন্য বিপুল অংকের অর্থ পরিশোধ করলেও অবকাঠামো ও পরিষেবা সুবিধা নিশ্চিত করার ধীরগতির কারণে আস্থাহীনতায় ভুগছেন। ফলে উল্লিখিত পাঁচটি জোনে ৩৯ হাজার একর জমির ওপর মাত্র ২৭টি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। মোট বরাদ্দকৃত জমির মাত্র ৩৭ শতাংশ বর্তমানে পরিচালনায় আছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও শিল্প-পানির সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি কারখানা পূর্ণাঙ্গভাবে সচল হওয়ার আগে অতিরিক্ত সার্ভিস চার্জ আরোপের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার ওপর জোর দেয়া হয়।

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় সরকারের উচ্চপর্যায়ে যৌথভাবে তুলে ধরার ব্যাপারে একমত হয়েছে উভয় সংগঠন।

সভায় দাবি জানানো হয়, প্রতিশ্রুত নিরবচ্ছিন্ন পরিষেবা সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যবহৃত পরিষেবা বিলের ওপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আরোপিত সার্ভিস চার্জ সম্পূর্ণ মওকুফ করতে হবে। অর্থনৈতিক অঞ্চলের বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে সমতা রক্ষায় জোনভুক্ত ইউনিট বিনিয়োগকারীদের জন্য খাতভিত্তিক সমপরিমাণ নগদ প্রণোদনার ব্যবস্থা করাও জরুরি বলে উল্লেখ করা হয়।

এছাড়া মাস্টার লিজহোল্ডার এবং পরবর্তী সময়ে সাব-লিজ গ্রহীতা—উভয় স্তরে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধের বাধ্যবাধকতা থেকে সৃষ্ট দ্বৈত করারোপ দূর করে লিজ ট্যারিফের ওপর ভ্যাট সম্পূর্ণ মওকুফের দাবি জানানো হয়।

দেশীয় বন্ড-লাইসেন্সধারী রফতানিকারকদের কাছে প্রচ্ছন্ন রফতানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও বাড়তি সময় অপচয় রোধে প্রচ্ছন্ন রফতানি কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া ৯৯ বছরের লিজের মিউটেশন ব্যাংকযোগ্য করা এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএ জব্বার বিশেষভাবে উল্লেখ করেন, চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিজিএমইএর ৪১টি ইউনিট ইনভেস্টর রয়েছে। ফলে তৈরি পোশাক খাতের জাতীয় ও নীতিগত বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিজিএমইএ-বেজিয়ার একসঙ্গে কাজ করার সুযোগ ও যৌক্তিকতা রয়েছে।

এ পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক অঞ্চলে টেকসই শিল্পায়ন নিশ্চিত করা এবং উভয় সংগঠনের পারস্পরিক সমন্বয় আরো সুসংহত করার লক্ষ্যে বেজিয়ার পরিচালনা বোর্ডে বিজিএমইএর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বেজিয়া সভাপতি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এতে সম্মতি প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত সংগঠনের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি মনোনীত করার প্রতিশ্রুতি দেন তিনি।