অ্যাকশন কমিকস নং ১। এ কমিক বুকের মাধ্যমে আবির্ভূত ঘটে সুপারম্যানের। সেই বইয়ের একটি কপি রেকর্ড ১ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছে। এক প্রাইভেট লেনদেনে বিক্রি হওয়া ‘অ্যাকশন কমিকস নং ১’ কমিক বই বিক্রির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত নভেম্বরে ‘সুপারম্যান নং ১’-এর একটি কপি নিলামে ৯১ লাখ ২০ হাজার ডলার দাম পায়।

ম্যানহাটনভিত্তিক প্রতিষ্ঠান মেট্রোপলিস কালেক্টিবলস/কমিক কানেক্ট এ বিক্রয়চুক্তির মধ্যস্থতা করেছে। তবে কমিকটির মালিক ও ক্রেতা দুজনই নাম প্রকাশ করতে চাননি।

১৯৩৮ সালে প্রকাশিত কমিকটির দাম ছিল মাত্র ১০ সেন্ট। এটি মূলত গল্পের সংকলন, যার বেশির ভাগ চরিত্রই আজ প্রায় বিস্মৃত। তবে এতে বলা হয়েছিল সুপারম্যানের জন্মকাহিনী। একটি ধ্বংসপ্রায় গ্রহে এ সুপারহিরোর জন্ম, পৃথিবীতে আগমন এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর ‘মানবকল্যাণে অতিমানবিক শক্তি ব্যবহারের’ সিদ্ধান্ত নেয়।

কমিকটির প্রকাশই সুপারহিরো ঘরানার সূচনা করে। মেট্রোপলিস কালেক্টিবলস/কমিক কানেক্টের প্রেসিডেন্ট ভিনসেন্ট জুরজোলো জানান, বর্তমানে ‘অ্যাকশন কমিকস নং ১’-এর প্রায় ১০০টি কপি বিদ্যমান রয়েছে। তিনি বলেন, ‘এটি কমিক বইয়ের জগতে পবিত্র গ্রেইলের মতো। সুপারম্যান ও তার জনপ্রিয়তা না থাকলে ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরো কমিক লিজেন্ডই থাকত না। এ চুক্তিই প্রমাণ করে কমিকপ্রেমীদের মধ্যে বইটির গুরুত্ব। কারণ এটি আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে।’

কমিকটি ২০০০ সালে অভিনেতা নিকোলাস কেজের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে চুরি হয়েছিল। পরে ২০১১ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি পুরনো স্টোরেজ লকারের জিনিসপত্র কিনে নেয়া এক ব্যক্তির হাতে পড়ে এটি। শেষ পর্যন্ত কমিকটি কেজের কাছে ফিরিয়ে দেয়া হয়। অভিনেতা ১৯৯৬ সালে এটি কিনেছিলেন ১ লাখ ৫০ হাজার ডলারে, ফেরত পাওয়ার ছয় মাস পর তিনি নিলামে বিক্রি করেন ২২ লাখ ডলারে।

মেট্রোপলিস কালেক্টিবলস/কমিক কানেক্টের সিইও স্টিফেন ফিশলারের মতে, ওই ঘটনাই শেষ পর্যন্ত কমিকটির মূল্য বাড়াতে বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘যে ১১ বছর এটি নিখোঁজ ছিল, সেই সময়ে এর মূল্য আকাশছোঁয়া হয়ে যায়। চোর আসলে নিকোলাস কেজকে অনেক অর্থ এনে দিয়েছে।’

ফিশলার ঘটনাটিকে ১৯১১ সালে প্যারিসের লুভর জাদুঘর থেকে ‘মোনালিসা’ চুরির সঙ্গেও তুলনা করেন।

এপি অবলম্বনে