কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর কার্যালয় থেকে রিফান্ড চেক প্রদান শুরু হয়েছে। সারা দেশের মধ্যে যশোর থেকে প্রথম এই চেক হস্তান্তর করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল প্যারাগন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যশোর ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানকে ৪ কোটি ৩ লাখ টাকার চেক প্রদান করেন কাস্টম কমিশনার মুহম্মদ জাকির হোসেন। এ সময় যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল, সহকারী কমিশনার নূরুল বাসির প্রমুখ উপস্থিত ছিলেন। কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর কার্যালয়ের কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানান, বাংলাদেশের বিভিন্ন জেলায় প্যারাগন গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে। যশোর থেকে প্রথম তিনি রিফান্ড চেক পেলেন। কাস্টম-ব্যবসায়ী একসঙ্গে মিলে কাজ করে সরকারের রাজস্ব আদায় বাড়াতে চাই। এই ফান্ড সংশ্লিষ্টদের উৎসাহ জোগাবে। এতে অন্যরা আগ্রহী হতে পারেন। এ বিষয়ে যশোর ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, এই রিফান্ডের চেক তাদের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সব সদস্যকে ধন্যবাদ জানান।