শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব জনিয়েছে বিকাশ।

বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিকের স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন করা হয়। আধুনিকায়নের ফলে এখন একসঙ্গে প্রায় ৫০ জন শিক্ষার্থী লাইব্রেরিতে বসে বই পড়তে পারবেন। সদস্য কার্ডের মাধ্যমে বই বাসায় নেয়ার সুবিধাও থাকছে।

লাইব্রেরি আধুনিকায়ন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর; চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম; বিদ্যালয়ের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেইরা; প্রয়াত মাহফুজ সাদিকের সহধর্মিণী ড. মালিহা মোজাম্মিল এবং তার পরিবারের সদস্যরা। এছাড়া বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার এবং ইউল্যাব ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান উপস্থিত ছিলেন।

মাহফুজ সাদিক সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করেন। তিনি স্কুল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বিবিসির লন্ডন অফিসে সাংবাদিক হিসেবে কাজ করেন এবং এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডনে শিক্ষকতাও করেন। ২০২১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিকাশের চিফ কমিউনিকেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর ৪২ বছর বয়সে তিনি মারা যান।