প্রতি টন বাসমতি চালের ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) গত সপ্তাহে ১ হাজার ২০০ ডলার থেকে ৯৫০ ডলারে কমিয়েছে ভারত। এমইপি কমায় তুরস্ক থেকে বৃহৎ ক্রেতারা বাসমতি চাল কিনতে ভারতে ভিড় করেছেন। বাড়তি তুর্কি চাহিদায় রফতানি বাজারে খাদ্যশস্যটির দাম টনপ্রতি ৯৭৫ থেকে ১ হাজার ডলার পর্যন্ত উঠেছে। খবর দি ইকোনমিক টাইম।

এতে মাঠ পর্যায়েও কৃষকরা বেশি দাম পাচ্ছেন। হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় কৃষকরা প্রতি কুইন্টাল বাসমতি (১৫০৯ জাতের) ধানে ৩ হাজার ৯০০ রুপি করে পাচ্ছেন। আন্তর্জাতিক বাজারে বাসমতির চাহিদা বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে কুইন্টালপ্রতি দাম বেড়েছে ৭০০ রুপির মতো।

বাসমতি রফতানিকারক ও অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এআইআরইএ) সাবেক সভাপতি বিজয় সেতিয়া বলেছেন, ‘‌প্রতি টন ১ হাজার ২০০ ডলার মূল্যের কারণে যেসব পুরনো চুক্তি স্থগিত রাখা হয়েছিল, সেগুলোও এখন পাঠানো হচ্ছে। পাশাপাশি তুরস্কের বৃহৎ ক্রেতারা নতুন করে ভারতীয় বাসমতি চালের বড় ক্রয়াদেশ দিচ্ছেন।’