দেশের অটোমোবাইল বাজারে বিশ্বমানের প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে ১৯তম ঢাকা মোটর শোতে অংশ নিচ্ছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা ২ নম্বর হলের বি-৪ নম্বর স্টলে টয়োটার প্যাভিলিয়ন ঘুরে দেখতে পারবেন।
এবারের প্রদর্শনীতে টয়োটা বিশেষভাবে তাদের আধুনিক হাইব্রিড প্রযুক্তি তুলে ধরছে। পাশাপাশি পারফরম্যান্স, জ্বালানি সাশ্রয় ও ড্রাইভিং স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে তৈরি এসইউভি, সেডান ও বাণিজ্যিক গাড়ির লাইনআপ প্রদর্শন করা হবে।
প্রদর্শনীতে করোলা ক্রস, র্যাভ ৪, ইয়ারিস ক্রস, ভেলোজ, রাশ এবং ইয়ারিস সেডান মডেলের গাড়ি রাখা হচ্ছে। এসব মডেলের মাধ্যমে টয়োটা তাদের হাইব্রিড প্রযুক্তির অগ্রগতি ও এসইউভি সেগমেন্টে বৈচিত্র্য আরো শক্তভাবে তুলে ধরছে।
টয়োটা বাংলাদেশ জানিয়েছে, তাদের হাইব্রিড গাড়িগুলো উন্নত জ্বালানি সাশ্রয়, কম দূষণ ও স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে। এটি বর্তমান সময়ের টেকসই পরিবহন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মোটর শো চলাকালীন দর্শনার্থীরা টয়োটার সর্বশেষ মডেলগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন। পাশাপাশি কোম্পানির বিশেষজ্ঞ প্রতিনিধিদের কাছ থেকে হাইব্রিড প্রযুক্তি ও এসইউভি পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকবে।
—বিজ্ঞপ্তি










