ভারতের কয়লা উত্তোলন বেড়েছে। চলতি সপ্তাহে ভারতের কয়লা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের অক্টোবরে দেশটিতে কয়লা উত্তোলন ১৮ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। গত মাসে মোট উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টনে। খবর আউটলুক ইন্ডিয়া।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম সাত মাসে (এপ্রিল-অক্টোবর) ভারতীয় কয়লা উত্তোলন গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে। এ সময় মোট ৫০ কোটি ৭০ লাখ টন কয়লা উত্তোলন করেছে দেশটি।

দেশটির মোট কয়লা উত্তোলনের ৮০ শতাংশই করেছে কোল ইন্ডিয়া। গত বছরের অক্টোবরের চেয়ে এ বছরের একই সময়ে কোম্পানিটির উত্তোলন বেড়েছে ১৫ দশমিক ৩৬ শতাংশ। আর বছরওয়ারি হিসেবে গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত উত্তোলন বেড়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ।

এদিকে ভারতের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ২০২২ সালের অক্টোবরের তুলনায় চলতি বছরের একই মাসে ৩৮ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন ২০২২ সালের একই মাসের তুলনায় গত মাসে ২২ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।

কয়লা উত্তোলন ও বিতরণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতের কয়লা মন্ত্রণালয় বলছে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম গতি পাবে।

ভারত বিদ্যুৎ উৎপাদন ও শিল্প উন্নয়নের জন্য কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কয়লা এখনো ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৭০ শতাংশই আসে কয়লা থেকে। আশা করা হচ্ছে চলতি অর্থবছরে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। দেশটির নীতিনির্ধারকরা ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কয়লা আমদানি বাড়িয়েছে, যা বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

চলতি বছরের শুরুতে ভারত সরকারের প্রাক্কলন বলছে, দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক কার্যক্রম ও অনিশ্চিত আবহাওয়ার কারণে কয়লার চাহিদা বাড়বে। ফলে ২০২৩-এর মার্চ থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় ৮ শতাংশ বেশি কয়লার প্রয়োজন পড়বে।

গত বছর ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ জায়ান্ট এনটিপিসি জানিয়েছিল, ২০২২ সালের বসন্তে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা এখন জ্বালানি সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। তাই প্রতিষ্ঠানটি কয়লা উৎপাদন সক্ষমতা বাড়াবে। ভারত মূলত বিদ্যুৎ উৎপাদনেই তাপীয় কয়লা ব্যবহার করে। ভারতীয় বাজার পরামর্শক প্রতিষ্ঠান কোলমিন্টের এক প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুতের ব্যাপক চাহিদার কারণে ২০২২ সালে দেশটি কয়লা আমদানি ১৪ দশমিক ৭ শতাংশ বাড়িয়েছিল। এসময় মোট ১৬ কোটি ১১ লাখ ৮০ হাজার টন তাপীয় কয়লা আমদানি করা হয়েছিল ।