রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়া–সংকটে গতকাল রাত ৮টার দিকে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানাটির অবস্থান চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহ করা অ্যামোনিয়া নিয়ে ডিএপি কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। তবে গত ৪ মার্চ গ্যাস–সংকটের কারণে সিইউএফএল ও কাফকো বন্ধ ঘোষণা করা হয়। এতে ডিএপি সার কারখানাটির কাঁচামাল অ্যামোনিয়ার উৎপাদনও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় মজুদ থাকা অ্যামোনিয়া দিয়ে প্রায় দেড় মাস উৎপাদন অব্যাহত রাখে ডিএপি সার কারখানা। অ্যামোনিয়ার মজুদ কমে আসায় বিগত কয়েকদিন দুটি ইউনিটের মধ্যে একটিতে উৎপাদন ধরে রেখে অন্যটিতে বন্ধ রাখা হয়। অবশিষ্ট ইউনিটিও এবার বন্ধ করে দেয়া হলো।

ডিএপিএফসিএলের উপমহাব্যবস্থাপক (বাণিজ্যিক) রবিউল আলম খান বণিক বার্তাকে বলেন, ‘গতকাল রাত ৮টায় বন্ধ হয়েছে। অ্যামোনিয়া সংকটে বিগত কয়েকদিন একটি ইউনিট চালু ছিল। অ্যামোনিয়া পেলে আবার উৎপাদন শুরু হবে। কাফকো ও চিটাগং সার কারখানা চালু হলেও অ্যামোনিয়া পেতে ৪-৫ দিন লেগে যায়। সেজন্য ওই দুই কারখানার চালুর ওপর নির্ভর করছে আমরা কবে চালু করতে পারব।’

ডিএপি সার কারখানাটির দৈনিক ৮০০ টন উৎপাদনের সক্ষমতা রয়েছে। চলতি অর্থবছরে কারখানাটিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল এক লাখ টন।