এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। আইপিডিসি ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ৩ হাজার কোটি টাকার ‘ক্লাস্টার অর্থায়ন স্কিম’ এবং দেড় হাজার কোটি টাকার ‘ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই)’ পুনঃঅর্থায়ন তহবিল থেকে সুবিধা নিতে পারবে আইপিডিসি ফাইন্যান্স।
বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি এসএমইএসপিডি সার্কুলার-০২ ও ০৩-এর মাধ্যমে এ তহবিলগুলো চালু করে। এর উদ্দেশ্য ক্লাস্টারভিত্তিক শিল্প উন্নয়ন, এমএসএমই খাতে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি ত্বরান্বিত করা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা; এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং ডেপুটি ডিরেক্টর নুরুন নাহার উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
চুক্তি সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘অংশগ্রহণমূলক এ চুক্তির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ এবং টেকসই অর্থায়নের সুযোগ আরো বাড়বে। বিশেষত ক্লাস্টারভিত্তিক ব্যবসা, উৎপাদনমুখী খাত এবং নারী উদ্যোক্তাদের অর্থায়নে আইপিডিসি আরো সক্রিয় ভূমিকা রাখতে পারবে।’










