আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সব শাখা ও অফিসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনাইটেড ফাইন্যান্স। রোববার (৮ মার্চ) প্রতিষ্ঠানটির ৩৬ বছরের পথচলায় নারী সহকর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আর্থিক খাতে নারী-সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড ফাইন্যান্স অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে এমন একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয় যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে ও নেতৃত্ব দিতে পারেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম নারী সহকর্মীদের অবদানের জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় আরো বেশি নারীকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে নারীদের জন্য একটি প্রগতিশীল ও সুন্দর কর্মপরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, নারী গ্রাহকদের জন্য সর্বোত্তম আর্থিক সেবা নিশ্চিত করতে সব কর্মীকে আরো মনোযোগী হতে হবে। এটি নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও আর্থিক স্বাধীনতা বাড়াতে প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে।

—বিজ্ঞপ্তি