দেশের চলমান পরিস্থিতির কারণে রাজধানীর কারওয়ান বাজারে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে পেঁয়াজের দাম। গতকাল সরজমিন ঘুরে দেখা যায়, এখানে পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম অন্তত ২০-৩০ টাকা বেড়েছে।
কারওয়ান বাজারের জহির নামের এক পেঁয়াজ ব্যবসায়ী বণিক বার্তাকে বলেন, ‘এর আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ১১০ টাকা, যা বর্তমানে ১১৮-১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারফিউ জারির পর বাজারে পেঁয়াজ সরবরাহ কমে গেছে। রাজধানীতে গাড়ি ঢুকতে পারছে না।’
কারফিউ জারির আগে রাজধানীর কারওয়ান বাজারে ছিল পণ্যবাহী গাড়ি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ভিড়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ বাজারে বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এ কারণে বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী বিভিন্ন পণ্য মজুদ করছেন বলেও অভিযোগ।










