নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) গতকাল অপরিশোধিত চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। ব্রাজিল ও ইউরোপে ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে আখ ও বিট উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় ভোগ্যপণ্যটির দাম বেড়েছে। খবর ইয়াহু ফাইন্যান্স। 

বাজারসংশ্লিষ্টরা জানান, ব্রাজিলে ভারি বৃষ্টিপাতের কারণে আখ সংগ্রহ দেরি হচ্ছে। এছাড়া বন্দরে চিনি লোডিংও ব্যাহত হচ্ছে। ফলে বেঁধে দেয়া সময়ের মধ্যে পণ্যটির সরবরাহ পাচ্ছেন না ক্রেতারা। অন্যদিকে ইউরোপে বন্যার কারণে সুগার বিট সংগ্রহ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে ফলন। 

জানা গেছে, গতকাল নিমেক্সে টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী ছিল অপরিশোধিত চিনির দাম। প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ২৭ দশমিক ৭৫ সেন্টে, যা এর আগের দিনের চেয়ে দশমিক ৭ শতাংশ বেশি। 

ভারত বিশ্বের অন্যতম প্রধান চিনি উৎপাদক ও রফতানিকারক। দেশটিতে চলতি মাসের প্রথমার্ধে তুলনামূলক কম উৎপাদনও মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।