ইউরোপের দেশগুলোয় চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি কমেছে। ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্নে নেমেছে পণ্যটির রফতানি। প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে দক্ষিণ-পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান চাহিদার কারণে রফতানি কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জুলাইয়ে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি এলএনজি রফতানি করেছে এশিয়ার দেশ চীন ও দক্ষিণ কোরিয়া। সম্প্রতি এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে তুরস্কসহ ইউরোপের দেশগুলোয় যুক্তরাষ্ট্র মোট ৩৪টি এলএনজি কার্গো সরবরাহ করেছে, জুনে যা ছিল ৪৩টি। অন্যদিকে এ সময় এশিয়ার দেশগুলোয় যুক্তরাষ্ট্র মোট ৪৯টি এলএনজি কার্গো রফতানি করেছে, জুনে যা ছিল ৩৯টি।

যুক্তরাষ্ট্র জুলাইয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি এলএনজি কার্গো সরবরাহ করেছে চীন ও দক্ষিণ কোরিয়ায়। এ দুই দেশে মোট ১১টি কার্গো পাঠিয়েছে দেশটি। এছাড়া এ সময় জাপানে নয়টি ভারত, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনায় আটটি করে এলএনজি কার্গো সরবরাহ করা হয়েছে।

কমোডিটি ইনসাইটস আরো জানায়, জুলাইয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে মোট ১১৭টি এলএনজি কার্গো সরবরাহ করেছে, জুনে যা ছিল ১০৪টি।