দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের নিয়ে গণশুনানি করা হয়েছে।  বন্দর দিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরে আমদানি-রফতানি বৃদ্ধিসহ রাজস্ব আহরণ বাড়াতে ব্যবসায়ীদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শের জন্য এ শুনানির আয়োজন করা হয়। হিলি স্থল শুল্ক স্টেশনের আয়োজনে গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দরের সম্মেলনকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

রাজস্ব বাড়ানোর পাশাপাশি বিদ্যমান সমস্যা নিরসনে বন্দরের আমদানি-রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বাড়ার ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো ও পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে ব্যবসায়ীদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে আলোচনা হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ প্রমুখ।