দিনাজপুরের হিলি স্থলবন্দরে নতুন করে বিভিন্ন জাতের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পুরানো ইন্দোর জাতের পেঁয়াজের দাম দুই টাকা কমে ১৯ টাকা হয়েছে।

হিলি স্থলবন্দর সুত্র জানায়, বন্দরে মাত্র একদিনের ব্যবধানে আবারো পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম দুই টাকা কমে ১৯ টাকা হয়েছে। নতুন ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, বাজারে দেশীয় পেঁয়াজ আসতে থাকায় ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কমেছে। পাশাপাশি মিয়ানমার থেকেও পেঁয়াজ আসছে। যার মান দেশীয় পেঁয়াজের মতোই। নতুন করে পেঁয়াজের আমদানির অনুমতি বন্ধ থাকলেও আগের অনমুতিতে

বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। যার কারণে দেশের বাজারে এ মসলাপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমতির দিকে রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২৫৪টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকৃত এসব পেঁয়াজ বন্দর থেকে খালাস করে নিয়েছেন আমদানিকারকরা।