টানা দুদিন নিম্নমুখিতার পর গতকাল ফিউচার মার্কেটে ঘুরে দাঁড়িয়েছে জাপানিজ রাবার। চার মাসের মধ্যে এ প্রথম মূল্যস্ফীতি ঘটায় পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী। তবে জাপানি মুদ্রা ইয়েন শক্তিশালী হওয়ায় লাভের পরিমাণ কিছুটা কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জ (ওএসই) এপ্রিলে সরবরাহ চুক্তিতে গতকাল রাবারের দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ বা ১ দশমিক ৪ ইয়েন। প্রতি কেজিতে মূল্য দাঁড়িয়েছে ২৬১ দশমিক ৪ ইয়েন বা ১ ডলার ৭৫ সেন্টে।
গতকালের লেনদেন ঊর্ধ্বমুখী হলেও সাপ্তাহিক গড় দাম ১ দশমিক ৮ শতাংশ নিম্নমুখিতায় শেষ হয়েছে। যদিও এর আগের টানা দুই সপ্তাহ বাজার ঊর্ধ্বমুখী ছিল।
অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল পণ্যটির দাম দশমিক ৩ শতাংশ বা ৩৫ ইউয়ান বেড়েছে। টনপ্রতি মূল্য উঠেছে ১৩ হাজার ৯২০ ইউয়ানে বা ১ হাজার ৯৩০ ডলার ৩৬ সেন্টে।
একটি ব্যবসায়িক সমীক্ষায় দুর্বল চাহিদা ও মূল্যস্ফীতি মধ্যে দেশটির অর্থনীতির দুর্বলতাকে তুলে ধরা হয়েছে। পরিষেবা খাতে সামান্য প্রবৃদ্ধি হলেও জাপানের কারখানার কার্যক্রম নভেম্বরে টানা ছয় মাসের মতো সংকুচিত হয়েছে।
জাপানি ইয়েনের বিনিময় মূল্য গতকাল দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৪৯ দশমিক ৪৯ ইয়েন। গত সপ্তাহের শুরুতে জাপানি মুদ্রার বিনিময় হার প্রতি ডলারে ১৫১ দশমিক ৯২ ইয়েনে নেমেছিল, যা ৩৩ বছরের সর্বনিম্ন। তবে চলতি সপ্তাহে ইয়েন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে।
এদিকে গতকাল সিঙ্গাপুর এক্সচেঞ্জের এসআইসিওএম প্লাটফর্মে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি রাবার বিক্রি হয়েছে ১৪৫ দশমিক ৯ সেন্টে।










