ইউক্রেন থেকে সম্প্রতি শস্য রফতানি বেড়েছে। ২০২৪-২৫ মৌসুমের (জুলাই-জুন) প্রথম ২৪ দিনে দেশটি মোট ২৭ লাখ ৮০ হাজার টন শস্য রফতানি করেছে, যা গত মৌসুমের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেশি। গত মৌসুমের একই সময় পর্যন্ত ইউক্রেন ১৬ লাখ ৭০ হাজার টন শস্য রফতানি করেছিল। বুধবার দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
কৃষি মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, দেশটির এ সময় মোট রফতানীকৃত শস্যের মধ্যে গম ৯ লাখ ৯৪ হাজার টন, ভুট্টা ১৩ লাখ ৯০ হাজার ও যব ৩ লাখ ৮০ হাজার টন। ইউক্রেন বিশ্বের ভুট্টা, গম, যব ও সূর্যমুখী তেলের অন্যতম শীর্ষ সরবরাহকারী।
উৎপাদকরা বলছেন, ২০২৪-২৫ মৌসুমে ইউক্রেনের মোট শস্য ও তেলবীজ রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ছয় কোটি টনে। ২০২৩-২৪ বিপণন মৌসুমে দেশটি মোট ৫ কোটি ১০ লাখ টন শস্য রফতানি করেছিল, আগের মৌসুমে যা ছিল ৪ কোটি ৯২ লাখ টন।
তবে রফতানি বাড়লেও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে ইউক্রেনে শস্য ও তেলবীজের ফলন ৭ কোটি ৭০ লাখ টনে নেমে আসতে পারে। এর মধ্যে শস্যের পরিমাণ হতে পারে ৫ কোটি ৬০ লাখ টন।
তবে রফতানি বাড়লেও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে ইউক্রেনে শস্য ও তেলবীজের ফলন ৭ কোটি ৭০ লাখ টনে নেমে আসতে পারে। গত জুনে ইউক্রেনের ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী তারাস ভিসোটস্কি এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদনের পূর্বাভাস দেন। এসব শস্যের মধ্যে ২ কোটি ১০ লাখ টন গম, ২ কোটি ৮৫ লাখ টন ভুট্টা ও ৫০ লাখ টন যব উৎপাদন হতে পারে বলেও জানান তিনি।
ইউক্রেন বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য রফতানিকারক। ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পরও দেশটি শস্য রফতানিতে ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।










