যুক্তরাষ্ট্রে আগের মাসের তুলনায় রেকর্ড ভুট্টা ও সয়াবিন উৎপাদন হতে পারে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। সরকারি সংস্থাটির এমন পূর্বাভাসের পর গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এ দুই ভোগ্যপণ্যের দাম কমেছে। এদিন সয়াবিনের দাম কমেছে টানা ষষ্ঠ ধাপে। খবর বিজনেস রেকর্ডার। 

সিবিওটিতে সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছে। বুশেলপ্রতি (৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ৯ ডলার ৭৮ সেন্ট। ভুট্টার দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি বুশেলের মূল্য ৪ ডলার শূন্য ১ সেন্টে নেমেছে। গতকাল গমের দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৩৩ সেন্ট। 

এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ মাসভিত্তিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪ হাজার ৫৮ কোটি ৯০ লাখ বুশেল সয়াবিন উৎপাদন হতে পারে, যা গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় বেশি। এছাড়া এ সময় দেশটিতে ভুট্টার ফলন বেড়ে পৌঁছতে পারে ১ হাজার ৫১৪ কোটি ৭০ লাখ বুশেলে।