সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি বন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্দরের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আন্তর্জাতিকমানের নিরাপদ বন্দর নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। এ কর্মসূচির প্রধান কার্যক্রমগুলোর মধ্যে ছিল নিরাপত্তা সচেতনতামূলক শোভাযাত্রা ও সেফটি ব্রিফিং, অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক বাস্তবধর্মী মহড়া, বন্দরের অভ্যন্তরীণ ট্রাফিক সাইন ও লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপত্তা প্রচারণা ও বন্দরের স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবেলায় সচেতনতা প্রদান। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের কয়েকজন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা নিরাপত্তা সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তারা দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।