মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আবারো স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ অঞ্চলে যুদ্ধাবস্থা ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ফ্লাইট সূচিতে সাময়িক ব্যাঘাত ঘটেছিল।

বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় ও প্রবাসীদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে এয়ারলাইন্সটি দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে নিয়মিত সেবা দিচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে আবারো ফ্লাইট চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ঢাকা থেকে দোহার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। একই দিন স্থানীয় সময় রাত সাড়ে ১১টা দোহা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ফিরে আসবে। এছাড়া ঢাকা-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চললেও মাস্কাট থেকে ফেরার সময় ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরবে।

বর্তমানে দুবাই রুটে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। আবুধাবি রুটে বৃহস্পতিবার বাদে সপ্তাহে ৬ দিন এবং শারজাহ রুটে সপ্তাহে ৪ দিন ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা।

সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে ৫ দিন এবং জেদ্দা রুটে সপ্তাহে ৩ দিন ফ্লাইট চলাচল করছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ ও জেদ্দা রুটে বড় আকারের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য রুটে চলছে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। বর্তমান গন্তব্যগুলোর পাশাপাশি খুব দ্রুত মদিনা ও দাম্মাম রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা করছে এয়ারলাইন্সটি।

—বিজ্ঞপ্তি