সিএমএ পেশায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএকে সম্মাননা দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। অনুষ্ঠানে তাদের হাতে সম্মানসূচক স্যাশ, স্মারক ও উপহার তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে ‘আর্থিক অন্তর্ভুক্তির জন্য একটি ক্যাশলেস ইকোসিস্টেম’ শীর্ষক সিপিডি সেশনও অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে ‘সিএমএ পেশার পতাকাবাহকদের সম্মাননা’ শীর্ষক বিশেষ অধিবেশন ও সিপিডি সেশনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ। স্বাগত বক্তব্য দেন আইসিএমএবির ভাইস-প্রেসিডেন্ট এসএম জহির উদ্দিন হায়দার এফসিএমএ। ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএমএবির সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ। সিপিডি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ড. মো. তৌহিদুল আলম খান এফসিএমএ। সেশনে আলোচক হিসেবে অংশ নেন বেসিক ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সুবাস চন্দ্র দাস এফসিএমএ এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান এফসিএমএ।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক আবদুর রহমান খান এফসিএমএ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা বলেন, বিশেষ করে গ্রামীণ এলাকায় ক্যাশলেস অর্থনীতির প্রসারে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, সেবার ব্যয় সাশ্রয়ী রাখা এবং গ্রাহকের আস্থা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। —বিজ্ঞপ্তি