রাশিয়ায় গত সপ্তাহে স্থিতিশীল ছিল গমের রফতানি মূল্য। গত সপ্তাহের শেষে সেপ্টেম্বরের শুরুতে সরবরাহের জন্য ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত প্রতি টন গমের ফ্রি অন বোর্ড (এফওবি) রফতানি মূল্য ছিল ২২১ ডলার। আগের সপ্তাহেও রাশিয়া থেকে গম একই দামে বেচাকেনা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কনসালট্যান্সি প্রতিষ্ঠান আইকেএআর। খবর বিজনেস রেকর্ডার। 

সোভেকন গত সপ্তাহের শেষে নিকটতম সময়ে সরবরাহের জন্য একই মানের গমের টনপ্রতি মূল্য নির্ধারণ করেছে ২২০-২২৩ ডলার। এ বাজারেও এর আগের সপ্তাহের তুলনায় অপরিবর্তিত ছিল গমের দাম। 

বিশ্বের বড় আমদানিকারক কিছু দেশ গত সপ্তাহে গম আমদানি শুরু করেছে। মিসরের রাষ্ট্রীয় শস্য ক্রেতা কোম্পানি জিএএসসি অক্টোবর-এপ্রিল পর্যন্ত সরবরাহের জন্য ৩৮ লাখ টন গমের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া গত সপ্তাহে আলজেরিয়ার রাষ্ট্রীয় শস্য সংস্থা ওএআইসি একটি আন্তর্জাতিক দরপত্রে প্রায় ছয় লাখ টন মিলিং গম কিনেছে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ। সোভেকন জানায়, গত সপ্তাহে দেশটির শস্য রফতানি কমে ৯ লাখ ৯০ হাজার টনে নেমেছে, আগের সপ্তাহে যা ছিল ১০ লাখ ৬০ হাজার টন। আর এর মধ্যে শুধু গম রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ৯০ হাজার টন, আগের সপ্তাহে যা ছিল ৯ লাখ ৩০ হাজার টন। 

সোভেকন আরো জানায়, আগস্টে রাশিয়া থেকে প্রাথমিকভাবে ৪৪-৫০ লাখ টন গম রফতানি করা হতে পারে বলে মনে করা হচ্ছে, গত বছর যা ছিল ৫৩ লাখ টন। 

আইকেএআর আরো জানায়, রাশিয়ায় গম উৎপাদনের পূর্বাভাস ৮ কোটি ৩২ লাখ থেকে বাড়িয়ে ৮ কোটি ৩৮ লাখ টন করা হয়েছে। এছাড়া ২০২৪-২৫ মৌসুমে দেশটি থেকে ৪ কোটি ৪০ লাখ টন গম রফতানি হতে পারে, আগের দেয়া পূর্বাভাসে যা ছিল ৪ কোটি ৪৫ লাখ টন।