মূল্য নিয়ন্ত্রণে চিনির আমদানি শুল্ক কমিয়েছে সরকার। আমদানি করা অপরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতি টনে ১ হাজার ৫০০ এবং পরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতি টনে ৩ হাজার টাকা আমদানি শুল্ক কমানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতি টনে শুল্ক দিতে হতো ৩ হাজার টাকা, যা এখন ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর প্রতি টন পরিশোধিত চিনির আমদানি শুল্ক ছিল ৬ হাজার টাকা, যা বর্তমানে ৩ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুল্ক কমানোর এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চিনির আমদানি শুল্ক ছাড়ের এ সুবিধা পাওয়া যাবে।
আমদানি শুল্কের পাশাপাশি চিনিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে ৩০ শতাংশ। এছাড়া আমদানিকারকদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। সেই সঙ্গে অগ্রিম আয়কর দিতে হয় ২ শতাংশ। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি চিনি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে এক বছরের ব্যবধানে খুচরা পর্যায়ে চিনির দাম বেড়েছে ২০ দশমিক ৪৫ শতাংশ। এক বছর আগে প্রতি কেজি চিনির দাম ছিল ১০৫-১১৫ টাকা।










