ইস্পাত উৎপাদনের অন্যতম উপাদান আকরিক লোহা। সম্প্রতি শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে ধাতুটির বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এ কারণে চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) আকরিক লোহার দাম কমেছে। গত এক বছরে সর্বনিম্নে নেমেছে ধাতুটির দাম। খবর বিজনেস রেকর্ডার।
ডিসিইতে সোমবার আকরিক লোহার দাম সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় দশমিক ৬৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ৭০২ দশমিক ৫ ইউয়ানে (৯৮ ডলার ৩৩ সেন্ট)।
এদিকে স্টিলহোম ডাটা অনুযায়ী, চীনের বন্দরে চলতি সপ্তাহে আকরিক লোহার মজুদ আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে। গত শুক্রবার পর্যন্ত দেশটিতে এর মজুদ ছিল ১৪ কোটি ৯৬ লাখ টন।
চীনের আর্থিক তথ্য প্রদানকারী সাইট হেক্সুন ফিউচারস জানায়, জানুয়ারি-জুন পর্যন্ত চীনে আকরিক লোহার আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেড়ে ৬১ কোটি ১৬ লাখ টনে পৌঁছেছে।










