আন্তর্জাতিক বাজারে ভুট্টা ও গমের দাম কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল ভুট্টার দাম প্রতি বুশেলে (১ বুশেলে ৬০ পাউন্ড) আগের দিনের তুলনায় দশমিক ৩৯ শতাংশ কমেছে। এতে প্রতি বুশেল ভুট্টার মূল্য দাঁড়িয়েছে ৪ ডলার ৪১ সেন্টে। সিবিওটিতে ভুট্টার এমন দাম গত ২২ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। খবর বিজনেস রেকর্ডার। 

এ বিষয়ে ক্যানবেরার এপিসোড থ্রির কৃষি পরামর্শদাতা অ্যান্ড্রু হোয়াইটলা বলেন, ‘রফতানিকারক দেশগুলোয় পূর্বাভাসের চেয়ে মানসম্মত ভুট্টার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাড়তি রোপণের কারণে আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম কমেছে।’ 

এদিকে শিকাগো বোর্ড অব ট্রেডে গতকাল গমের দাম আগের দিনের তুলনায় প্রতি বুশেলে দশমিক ১১ শতাংশ কমেছে। ফলে প্রতি বুশেল গমের মূল্য স্থির হয়েছে ৬ দশমিক ৭২ ডলার। রাশিয়া থেকে সরবরাহের সীমাবদ্ধতার উদ্বেগ সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে গতকাল গমের দাম কমল। 

আন্তর্জাতিক বাজারে গতকাল সয়াবিনের দাম বেড়েছে। ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ফলন কমে যাওয়ার সম্ভাবনার কারণে এ ভোজ্যতেলের দাম বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে গতকাল সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ১৩ শতাংশ বেড়েছে। প্রতি বুশেল সয়াবিনের দাম দাঁড়িয়েছে ১১ ডলার ৮৬ সেন্টে।