সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে অ্যালুমিনিয়ামের উৎপাদন। গত আগস্টে ধাতুটির উৎপাদন হার বার্ষিক ৭ কোটি ১২ লাখ টন ছুঁয়েছে। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর রয়টার্স।

টানা দ্বিতীয় মাসের মতো উৎপাদন হার বার্ষিক সাত কোটি টন ছাড়িয়েছে। গত জুলাইয়ের আগে মাত্র একবার ২০২২ সালের আগস্টে উৎপাদন হার সাত কোটি টনের ঘরে উঠেছিল।

আইএআই তার সর্বশেষ মাসিক প্রতিবেদনে প্রাইমারি উৎপাদন পূর্বাভাসে উল্লেখযোগ্য সংশোধন এনেছে। সংস্থাটি চীনসহ বিশ্বের অন্যান্য দেশে অ্যালুমিনিয়ামের উৎপাদন বাড়ার কথা জানিয়েছে। 

অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন বাড়ার অন্যতম কারণ মালয়েশিয়া ও ইরানের তথ্য হালনাগাদ করা। দেশ দুটি তাদের উৎপাদন তথ্য সরাসরি আইএআইকে অবহিত না করায় আগে তাদের প্রকৃত উৎপাদন তথ্য যোগ করা হয়নি। পাশাপাশি বছরের প্রথমার্ধে চীনের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বৈশ্বিকভাবে ধাতুটির রেকর্ড উৎপাদন এসেছে। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট আগের প্রাক্কলনে বলেছিল, ২০২৩ সালের প্রথম সাত মাসে চীনা উৎপাদন বার্ষিক ১ লাখ ১৮ হাজার টন কমেছে। সংস্থাটি ওই হিসাব সংশোধন করে চীনের মোট উৎপাদন ১৩ লাখ টন বেড়েছে বলে জানিয়েছে।

আগস্টে ধাতুটির বৈশ্বিক উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ লাখ টনে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। আর আগস্ট পর্যন্ত চলতি বছরের প্রথম আট মাসে বিশ্বের মোট ৪ কোটি ৬৫ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেশি।

এককভাবে চীনে জানুয়ারি-আগস্ট সময়কালে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। আর বিশ্বের অন্যান্য দেশে মোট উৎপাদন বেড়েছে দশমিক ৫ শতাংশ।

বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী চীন। বৈশ্বিক উৎপাদন বাড়ার পেছনে দেশটির ভূমিকা ছিল মুখ্য। অ্যালুমিনিয়াম মূলত বিদ্যুৎ লাইন, পরিবহন, ভবন নির্মাণ ও প্যাকেজিং খাতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সম্প্রতি তীব্র খরাপ্রবণ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে চীনা সরকার। ফলে দেশটিতে অ্যালুমিনিয়ামের চাহিদা বেড়েছে। তাই কারখানাগুলোয় উৎপাদন বেড়েছে ধাতুটির। তবে অ্যালুমিনিয়ামের উৎপাদন যতটা বেড়েছে, চীনে সে পরিমাণ চাহিদা রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

ইউনান চীনের চতুর্থ শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রদেশ। চলতি বছরের প্রথম তিন মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ ও সিচুয়ান প্রদেশে জলবিদ্যুতের অভাবে উৎপাদন বন্ধ ছিল। কিন্তু আগস্টে চীনে মাসভিত্তিক অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।