চীনের অ্যালুমিনিয়াম আমদানি অক্টোবরে টানা পঞ্চম মাসের মতো বেড়েছে। গতকাল দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি ও সরবরাহ হ্রাসের আশঙ্কায় ধাতুটির আমদানি বাড়িয়েছে চীন। খবর রয়টার্স।

শুল্ক বিভাগের তথ্য বলছে, অক্টোবরে দেশটি অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানি ৩ লাখ ৫১ হাজার ৬৫ টনে পৌঁছেছে। এর আগের মাস সেপ্টেম্বরে ৩ লাখ ৩১ হাজার ৭১৬ টন অ্যালুমিনিয়াম জাত পণ্য আমদানি করেছিল দেশটি। ফলে সেপ্টেম্বর থেকে অক্টোবরে আমদানির পরিমাণ বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। তবে গত বছরের অক্টোবরের চেয়ে চলতি বছরের একই সময়ে শিল্প ধাতুটির আমদানি বেড়েছে ৭৮ দশমিক ৭ শতাংশ।

অ্যালুমিনিয়ামের মতো ওজনে হালকা ধাতু প্রধানত নির্মাণ, পরিবহন ও প্যাকেজিং শিল্পে ব্যাপকভাবে ব্যবহার হয়। চীন একই সঙ্গে ধাতুটির শীর্ষ ব্যবহারকারী ও উৎপাদক। আমদানির তুলনায় পণ্যটির রফতানিই বেশি করে দেশটি। কিন্তু কভিড-১৯-পরবর্তী বছরগুলোয় ধাতুটির আমদানি নজিরবিহীনভাবে বাড়িয়েছে বেইজিং।

খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারীর ধাক্কা সামলে চীনের অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত। তবে দেশটিতে উৎপাদিত অ্যালুমিনিয়ামের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি হওয়ায় ব্যবহারকারীরা আমদানির দিকে ঝুঁকছেন। পাশাপাশি চীনে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় বিগলন কেন্দ্রগুলোয় বিদ্যুতের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এতে ধাতুটির উৎপাদন কমে যায়। অভ্যন্তরীণ সরবরাহ কমার আশঙ্কায় উল্লম্ফন দেখা দেয় আমদানি চাহিদায়।

আগামী এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বিধিনিষেধ অব্যাহত থাকতে পারে। সে পর্যন্ত উৎপাদন কার্যক্রম সীমিত করে এনেছে দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশের অ্যালুমিনিয়াম বিগলনকারী কারখানাগুলো। চলতি মাস থেকে বিগলন কেন্দ্রগুলো ১১ লাখ ৫০ হাজার টন উৎপাদন সক্ষমতা কমিয়ে এনেছে। প্রায় ৫৭ লাখ টন উৎপাদন সক্ষমতার ইউনান প্রদেশ চীনের চতুর্থ বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী অঞ্চল। দেশটির মোট অ্যালুমিনিয়াম উৎপাদনের ১২ শতাংশ আসে এখান থেকে।

চলতি বছরের প্রথম ১০ মাসে ২৩ লাখ ৯০ হাজার টন অ্যালুমিনিয়াম আমদানি করেছে দেশটি, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৫ শতাংশ বেশি। শুল্ক তথ্যানুসারে, ২০২৩ সালের প্রথম নয় মাসে রাশিয়া থেকে চীনের প্রাথমিক অ্যালুমিনিয়ামের আমদানি ১৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬ হাজার ২৫২ টনে।

অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রধান আকরিক বক্সাইট। অক্টোবরে এটির আমদানি গত বছরের এই মাসের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১১ লাখে। গত সপ্তাহে প্রকাশিত তথ্য বলছে, প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদন মাসিক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এতে বিগলনকারী প্রতিষ্ঠানগুলো উচ্চ মুনাফা পেয়েছে। ফলে ধাতুটির কাঁচামাল আমদানি বাড়িয়েছে বিগলনকারীরা। জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে মোট বক্সাইট আমদানির পরিমাণ ১১ কোটি ৭৭ লাখ টন। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।