টানা তিনদিন দরপতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত এ মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিন শেষে জ্বালানি তেলের দর বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ শতাংশের কাছাকাছিতে। খবর রয়টার্স।

আইসিই ফিউচারসে এ দিন অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বেড়েছে ২ ডলার ২২ সেন্ট। ব্যারেলপ্রতি মূল্য উঠেছে ৮৬ ডলার ৮৫ সেন্টে। একই সময়ে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ২ ডলার ২৩ সেন্ট। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৮২ ডলার ৬৭ সেন্টে। 

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার টানা তিন মাস ফেডের লক্ষ্যমাত্রার ওপরে। সেপ্টেম্বরেও মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৪ শতাংশ। সুদহার ২২ বছরে সর্বোচ্চে তুলেও এখনো মূল্যস্ফীতি লক্ষ্যের নিচে আনতে পারেনি ফেড। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখা দেয়ায় আরো পর্যালোচনা-পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এমন অবস্থায় সর্বশেষ সভায় ফেড সুদহার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে। এ খবরে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে।

ব্রোকার পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গ বলেন, ‘‌ ফেডের ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অর্জনে এখনো কিছু পথ বাকি। বর্তমানে আর্থিক কঠোরতা কার্যকরভাবে কাজ করছে। তবে অতিরিক্ত হার বৃদ্ধি ভালোর পরিবর্তে উল্টো ফল বয়ে আনতে পারে।’

নীতিনির্ধারকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে নেয়া কঠোর পদক্ষেপের ফলে আর্থিক পরিস্থিতি মন্থর হয়ে পড়বে কিনা তা নিয়ে ভাবছেন। গ্লোবাল এক্স ইটিএফের প্রধান বিনিয়োগ কর্মকর্তা জন মায়ার বলেন, ‘‌ ফেড ডিসেম্বরে সম্ভবত উচ্চ সুদহারের লাগাম টানতে পারে। তবে দরকার হলে আবারো বাড়ানোর দরজা খোলা রাখবে। সম্ভবত এটা নির্ভর করবে গত মাসগুলোর অভিজ্ঞতার ওপর।

বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি উন্নয়নের দিকেও নজর রাখছে। অঞ্চলটিতে গোলযোগের বিস্তারে তেল সরবরাহ ব্যাহত হবে কিনা সে বিষয়ে চোখ রাখছেন তারা। গতকাল স্থল অভিযানে ট্যাংকসহ ইসরায়েলি সেনাবাহিনী হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। এতে গাজা শহরের চারপাশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে গাজায় বোমাবর্ষণ বন্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলে তেল ও খাদ্য রফতানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, এ যুদ্ধ সত্তরের দশকের পর থেকে পণ্যের বাজারে সবচেয়ে বড় ধাক্কা। যদি সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত উভয় থেকেই দ্বিগুণ ধাক্কার সম্মুখীন হবে।’ 

এদিকে অক্টোবরে ইউরোজোনে উৎপাদন কার্যক্রম গতি হারিয়েছে। গত মাসে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) দশমিক ৩ শতাংশ কমে নেমেছে ৪৩ দশমিক ১ পয়েন্টে। পিএমআই সূচক ৫০ পয়েন্টের নিচে থাকার অর্থ হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম মন্থর হয়ে পড়েছে। ব্যাংক অব ইংল্যান্ডও (বিওই) সর্বশেষ সভায় সুদহার অপরিবর্তিত রেখেছে। গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ২৫ শতাংশ সুদহার বহাল রেখেছে ব্যাংকটি। এ নিয়ে টানা দুই মাস উচ্চ সুদহার ধরে রাখল বিওই।