রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’-এ মোটরসাইকেল ও ইঞ্জিন নির্মাতা সিএফএমওটিও তাদের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘জিহো’ উন্মোচন করেছে। একই সঙ্গে বাংলাদেশের বাজারের জন্য নতুন মোটরসাইকেল লাইনআপও প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে সিএফএমওটিও বাংলাদেশের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবীর ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল কারিম সুমন উপস্থিত ছিলেন। এছাড়া সিএফএমওটিওর গ্লোবাল ও স্থানীয় টিম, বাইকিং কমিউনিটির সদস্য, ব্যবহারকারী, অংশীদার এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
প্রদর্শনীতে সিএফএমওটিও তাদের বিদ্যমান পোর্টফোলিও থেকে ৩০০এসআর, ২৫০এসআর, ২৫০এনকে, ৩০০এনকে, ২৫০সিএলসি, ১৫০এসসি ও ২৩০ ডুয়াল মডেল তুলে ধরে। পাশাপাশি নতুন ১৫০ অরা ও ২৫০ ডুয়াল মডেল উন্মোচন করা হয়।
অন্যদিকে, জিহো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারগুলো দর্শনার্থীদের আগ্রহ কাড়ে। বিশেষ করে ফ্ল্যাগশিপ মডেল ‘এইসেভেন প্রো’–এর ডিজাইন, পারফরম্যান্স এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য উল্লেখযোগ্য সাড়া ফেলে। অংশগ্রহণকারীদের কাছ থেকে উভয় ব্র্যান্ডের পণ্যের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
অনুষ্ঠানে মেজবাহ উদ্দিন মামুন বলেন, উন্নত ইলেকট্রিক প্রযুক্তি ও পারফরম্যান্সভিত্তিক মোটরসাইকেলকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন দেশের গতিশীলতা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, গ্রাহকের চাহিদা বিবেচনায় ভবিষ্যতেও নতুন উদ্ভাবনী পণ্য ও সমাধান নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, সিএফএমওটিও বাংলাদেশ ভবিষ্যতে পণ্যের পরিসর সম্প্রসারণ, ডিলার নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও জিহো ব্র্যান্ডের মাধ্যমে টেকসই বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে কাজ করবে।
-বিজ্ঞপ্তি










