ভারতে গত মাসে কয়লা উত্তোলন বেড়েছে। আমদানিনির্ভরতা কমাতে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল কোল মিনিস্ট্রি। খবর হেলেনিক শিপিং নিউজ।
ফেডারেল কোল মিনিস্ট্রির প্রকাশিত তথ্যমতে, জুলাইয়ে ভারত মোট ৭ কোটি ৪০ লাখ টন কয়লা উত্তোলন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি।
এছাড়া এপ্রিল-জুলাই পর্যন্ত ভারত মোট ৩২ কোটি ১৩ লাখ ৯০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি।
অন্যদিকে জুলাইয়ে ভারতে মোট কয়লার ব্যবহারও গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্যবহার পৌঁছেছে মোট ৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টনে। এরই মধ্যে এ সময় শুধু বিদ্যুৎখাতে কয়লার ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। এ খাতে জ্বালানি পণ্যটির ব্যবহার পৌঁছেছে ৬ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টনে।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (এপ্রিল-মার্চ) সামগ্রিকভাবে কয়লার ব্যবহার ছিল ৩৪ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেশি।
রাষ্ট্রীয় মালিকানাধীন কোল ইন্ডিয়া লিমিটেডের উত্তোলন জুলাইয়ে ৫ কোটি ৫০ লাখ ৪০ হাজারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি।
অন্যদিকে জুলাইয়ে ভারতের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লার উত্তোলন দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টনে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ।
ভারতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে।
এদিকে ভারতে কয়লা উত্তোলন চলতি বছরের জুনে গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি ৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, গত অর্থবছরের জুনে যা ছিল ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টন।










