দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবে শতাধিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ ও চাকরিপ্রার্থীরা। নেক্সটজবজের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
আয়োজনটি দুটি ভাগে অনুষ্ঠিত হবে। কেআইবি ভবনের ৯০০ আসনের অডিটোরিয়ামে থাকছে ক্যারিয়ার সামিট, যেখানে কর্মসংস্থানের সাম্প্রতিক ধারা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও পেশাগত অগ্রগতি নিয়ে বিভিন্ন প্যানেল আলোচনা ও সেশন পরিচালনা করবেন শিল্প বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক নেতারা।
একই সময়ে কনভেনশন হল-১-এ অনুষ্ঠিত হবে জব ফেয়ার। সেখানে দেশী ও বহুজাতিক মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠান বিভিন্ন খাতে জনবল নিয়োগের জন্য সরাসরি অংশ নেবে। যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়া হবে এবং নির্বাচিতদের একই দিন চাকরির প্রস্তাব দেয়ার সুযোগও থাকবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, র্যাফল ড্র এবং উন্মুক্ত নেটওয়ার্কিং সেশন। শিক্ষার্থী, সদ্য স্নাতক, অভিজ্ঞ পেশাজীবী থেকে শুরু করে ঊর্ধ্বতন নির্বাহীরা এতে অংশ নিতে পারবেন। দিনব্যাপী এ আয়োজনে থাকছে ক্যারিয়ার উন্নয়নবিষয়ক বিভিন্ন আয়োজন।
আয়োজনে অংশ নেবে নেক্সটজবজ লার্নিংল্যাব, যা প্রতিষ্ঠানটির দক্ষতা উন্নয়ন শাখা। এখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি সম্পর্কে জানতে এবং নিবন্ধনের সুযোগ পাবেন, যা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
এছাড়া নেক্সটজবজ রিসোর্সও অনুষ্ঠানে অংশ নেবে। প্রতিষ্ঠানটির হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন বিভাগ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের বিভিন্ন সেবা তুলে ধরবে। একই সঙ্গে গোপনীয় বা ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্যও থাকবে বিশেষ সুবিধা।
ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্টে অংশ নিতে আগ্রহীদের আগে থেকেই নেক্সটজবজ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। অনুষ্ঠানস্থলে কিউআর কোডের মাধ্যমে চেক-ইন করার ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, নেক্সটজবজ বাংলাদেশের একটি সমন্বিত ক্যারিয়ার ইকোসিস্টেম প্লাটফর্ম, যেখানে চাকরি অনুসন্ধান, নিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং স্টাফিং-সংক্রান্ত বিভিন্ন সেবা এক প্লাটফর্মে পাওয়া যায়।










