যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান নেটফ্লিক্স গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর- ডিসেম্বর) ওয়াল স্ট্রিটের আয় ও মুনাফার পূর্বাভাস ছাড়িয়ে গেছে। তবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং বাড়তি ব্যয়ের আশঙ্কায় কোম্পানিটির শেয়ারমূল্য কমে গেছে। খবর রয়টার্স।

মঙ্গলবার অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করে নেটফ্লিক্স। ওই সময়ে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় এক হাজার ২১০ কোটি ডলার এবং শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৫৬ সেন্ট। কোম্পানিটি জানায়, নতুন গ্রাহক যুক্ত হওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে।

চতুর্থ প্রান্তিকে নেটফ্লিক্সের মোট পরিশোধিত গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ায় সাড়ে ৩২ কোটির বেশি, যা ২০২৪ সালের শেষ দিকে ছিল প্রায় ৩০ কোটি। এ সময় দর্শকসংখ্যা বাড়াতে বড় ভূমিকা রাখে জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংসের শেষ মৌসুম, বড়দিনে সম্প্রচারিত দুটি এনএফএল ম্যাচ এবং নাইভস আউট সিরিজের নতুন সিনেমা।

প্রত্যাশার চেয়ে ভালো আয় করলেও বাজারের নজর মূলত ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের দিকে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও স্কাইড্যান্সের প্রস্তাবের মুখে নেটফ্লিক্স চুক্তি সংশোধন করে পুরোপুরি নগদ অর্থে শেয়ারপ্রতি ২৭ দশমিক ৭৫ ডলারের প্রস্তাব দিয়েছে। চুক্তিটি সফল করতে নেটফ্লিক্স অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করেছে এবং প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়িয়েছে।

অর্থায়ন নিশ্চিতে প্রায় ৬ কোটি ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। চুক্তির অর্থ জোগাড় করতে নেটফ্লিক্স সাময়িকভাবে শেয়ার পুনঃক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে লেনদেন-পরবর্তী সময়ে নেটফ্লিক্সের হিস্যা প্রায় ৪ শতাংশের বেশি কমে যায়।

নেটফ্লিক্সের প্রধান নির্বাহীরা বলছেন, ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণ হলে গেম অব থ্রোনস, হ্যারি পটার এবং ডিসি কমিকসের মতো বড় ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবে, যা দীর্ঘমেয়াদে গ্রাহকদের জন্য কনটেন্টের মান ও বৈচিত্র্য আরো বাড়াবে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নেটফ্লিক্স ২০২৬ সালে আয় পাঁচ হাজার ৭০ থেকে পাঁচ হাজার ১৭০ কোটি ডলারের পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনভিত্তিক আয় দ্বিগুণ হয়ে প্রায় তিনশ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, বড় এই অধিগ্রহণ সফল হলে নেটফ্লিক্স শক্ত অবস্থানে পৌঁছালেও স্বল্পমেয়াদে বিনিয়োগকারীদের দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।