বিশেষ নিরাপত্তা পাস নিয়ে লিফটে চড়ে অষ্টম তলায় গেলে দেখা মিলবে এক ভিন্ন জগতের। সেখানে রয়েছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েসের বিশেষ ডিজাইন স্টুডিও বা ‘প্রাইভেট অফিস’।
স্টুডিওতে সাধারণ কোনো ক্রেতা আসতে পারেন না। আগাম নির্ধারিত সাক্ষাতের ভিত্তিতে অতিধনী ক্রেতারাই এখানে প্রবেশ করতে পারেন। তারা নিজেদের পছন্দ অনুযায়ী গাড়ির রঙ ও নকশা চূড়ান্ত করেন রোলস-রয়েসের স্টুডিওতে বসে।
বিশ্বজুড়ে বিলাসবহুল গাড়ির বাজারে এখন বড় পরিবর্তন এসেছে। গাড়ি এখন কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং ক্রেতার নিজস্ব গল্প ও আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে। ধনী ক্রেতারা তাদের গাড়িটিকে সম্পূর্ণ নিজস্ব শৈলীতে সাজিয়ে নিচ্ছেন, যাকে বলা হচ্ছে ‘এক্সট্রিম কাস্টমাইজেশন’।
রোলস-রয়েসের কাস্টম গাড়ির ডিজাইনার কারা ভিট্রি জানান, অনেক ধনকুবেরের কাছে এখন গাড়ি কেনা মানে একটি অনন্য শিল্পকর্মের ক্রয়াদেশ দেয়ার মতো। উদাহরণ হিসেবে তিনি ‘স্পেক্টার বেইলি’ নামের একটি ইলেকট্রিক রোলস-রয়েস গাড়ির কথা বলেন।
এক ক্রেতা তার পোষা ল্যাব্রাডর-গোল্ডেন রিট্রিভার জাতের কুকুরের গায়ের রঙের সঙ্গে মিলিয়ে নিজের গাড়িটি তৈরির অর্ডার দেন। সেই গাড়ির দুই পাশে কুকুরের পায়ের ছাপ হাতে এঁকে দেয়া হয়। এমনকি গাড়ির ভেতরের দুই আসনের মাঝে বসানো হয় কুকুরের একটি নিখুঁত কাঠের পোর্ট্রেট। রোলস-রয়েসের তথ্যমতে, ১৮০ টুকরো কাঠ ব্যবহার করে টানা চার মাস ধরে পোর্ট্রেটটি তৈরি করা হয়।
এ ধরনের কাস্টমাইজেশনের চাহিদা বাড়ায় যুক্তরাজ্যের গুডউড কারখানাটি সম্প্রসারণ করছে রোলস-রয়েস।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অলট্রাটার তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বে অতি উচ্চ সম্পদের মালিক এমন মানুষের সংখ্যা পাঁচ লাখেরও বেশি। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৩০ শতাংশের বেশি বাড়তে পারে। ফলে ব্যক্তিগত কাস্টমাইজেশনের বাজারও আরো সম্প্রসারণ হবে বলে ধারণা করা হচ্ছে। এসব গাড়ি যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি কারখানাগুলোর জন্য বেশ লাভজনক। যুক্তরাষ্ট্রে ২০২১ সালের আগে কখনো ১০ লাখ ডলারের বেশি দামে কোনো কাস্টমাইজড গাড়ি বিক্রি করেনি রোলস-রয়েস। কিন্তু গত বছর প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি গাড়ি এ দামে বা এর চেয়ে বেশি মূল্যে সরবরাহ করেছে। এগুলোর মূল দামের সঙ্গে কাস্টমাইজেশনের জন্যই অতিরিক্ত খরচ করা হয়েছে ৫ লাখ ডলার বা তার বেশি।
কোনো কোনো ক্ষেত্রে ‘বোট টেইল’-এর মতো সম্পূর্ণ হাতে তৈরি গাড়ির মূল্য কোটি ডলার ছাড়িয়ে গেছে।
খবর সিএনএন










