ভারতে চলতি বছরের মে মাসে কয়লা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। উত্তোলন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান ছিল ভারতের রাষ্ট্র মালিকানাধীন কয়লা কোম্পানি কোল ইন্ডিয়ার। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের কয়লা মন্ত্রণালয়। খবর দি ইকোনমিক টাইমস।

বিশ্বে জীবাশ্ম জ্বালানি; বিশেষ করে কয়লার ব্যবহার নিয়ে সমালোচনা রয়েছে। জলবায়ু ও পরিবেশবিষয়ক ফোরামগুলোর অন্যতম এজেন্ডা কয়লার ব্যবহার কমিয়ে আনা। তা সত্ত্বেও বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত এখনো জ্বালানি হিসেবে এ খনিজের ওপর বেশি নির্ভরশীল। এমনকি এশিয়ার কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে দেশটি সবচেয়ে বেশি অবদান রেখেছে। এ নির্ভরতার পক্ষে ভারতের মোদি সরকারের যুক্তি, সাশ্রয়ী দামে বিদ্যুৎ তাদের অন্যতম এজেন্ডা। এছাড়া জ্বালানির চাহিদা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে বর্ধিত চাহিদা মেটাতে ভারতকে কয়লা ব্যবহার করতে হচ্ছে। দেশটি ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মতো অন্যান্য কয়লানির্ভর প্রধান অর্থনীতিকে ছাড়িয়ে গেছে। 

কয়লা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাসে দেশটি মোট ৮ কোটি ৩৯ লাখ ১০ হাজার টন কয়লা উত্তোলন করেছে। গত বছরের মে মাসে যা ছিল ৭ কোটি ৬১ লাখ ৮০ হাজার টন।

ভারতে স্থানীয়ভাবে মোট কয়লার ৮০ শতাংশই উত্তোলন করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)। এ কোম্পানি মে মাসে মোট ৬ কোটি ৪৪ লাখ টন কয়লা উত্তোলন করেছে। গত বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টন। এ হিসাবে সিআইএল মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪৬ শতাংশ বেশি কয়লা উত্তোলন করেছে।

অন্যদিকে সিআইএল ছাড়া ভারতের অন্যান্য কোম্পানি গত মাসে স্থানীয়ভাবে ব্যবহার ও বাণিজ্যিক উদ্দেশ্যে মোট ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন করেছিল। গত বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৩ লাখ ৮০ হাজার টন। এ হিসাবে মে মাসে কোম্পানিগুলোর কয়লা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

বিবৃতিতে ভারতের কয়লা মন্ত্রণালয় আরো জানায়, গত বছরের মে মাসে ভারত মোট ৮ কোটি ২৩ লাখ ২০ হাজার টন কয়লা রফতানি করেছিল। চলতি বছরের একই সময়ে রফতানি আগের তুলনায় ১০ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৯ কোটি ৮ লাখ ৪০ হাজার টনে পৌঁছেছে। এর মধ্যে গত মাসে সিআইএল কয়লা রফতানি করেছে ৬ কোটি ৯০ লাখ ৮০ হাজার টন। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ কোটি ৩৬ লাখ ৭০ হাজার। এ হিসাবে মে মাসে কোম্পানিটির কয়লা রফতানি আগের সময়ের তুলনায় ৮ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।