ভারতে বেড়েছে স্বর্ণের চাহিদা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির স্বর্ণের চাহিদা ১৯ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ১ টনে উন্নীত হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারত। গত বছর করোনা মহামারীর প্রাদুর্ভাবের ফলে দেশব্যাপী লকডাউনসহ নানা বিধিনিষেধ জারি করা হয়। এর পর থেকে দেশটিতে স্বর্ণের সরবরাহ ঘাটতি দেখা দেয়। ফলে বাড়তে থাকে মূল্যবান ধাতুটির চাহিদা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা ছিল ৬৩ দশমিক ৮ টন।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পরিমাণের পাশাপাশি মূল্যের দিক থেকেও ধাতুটির চাহিদা বেড়েছে। গত বছরের এপ্রিল-জুন পর্যন্ত ভারতে ২৬ হাজার ৬০০ কোটি রুপির স্বর্ণের চাহিদা ছিল। চলতি বছরের একই সময়ে চাহিদা বেড়ে ৩২ হাজার ৮১০ কোটি রুপিতে উন্নীত হয়েছে। সে হিসাবে চাহিদা ২৩ শতাংশ বেড়েছে। তবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে চাহিদা ৪৬ শতাংশ কমেছে।
এদিকে চলতি বছরের প্রথমার্ধে ভারতে স্বর্ণের চাহিদা ১৫৭ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় চাহিদা কমেছে ৪৬ শতাংশ। ২০১৫-১৯ সাল পর্যন্ত বছরের প্রথমার্ধের গড় চাহিদার তুলনায় চলতি বছরের প্রথমার্ধে চাহিদা কমেছে ৩৯ শতাংশ।
এদিকে স্বর্ণের পাশাপাশি অলংকারের চাহিদাও বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অলঙ্কারের চাহিদা ২৫ শতাংশ বেড়ে ৫৫ দশমিক ১ টনে উন্নীত হয়েছে। গত বছরের একই প্রান্তিকে চাহিদা ছিল ৪৪ শতাংশ।










