গতকাল এ স্বাক্ষর অনুষ্ঠান হয়, যেখানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, ‘পারস্পরিক সমন্বয় ও সুস্পষ্ট পরিকল্পনার ফলে উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে, যা এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুঁজিবাজারে এসএমই প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতে সক্ষমতা উন্নয়ন, করপোরেট গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স বিষয়ে সহায়তা প্রয়োজন।’

সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন বলেন, ‘এসএমই কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও তারা অর্থায়ন, প্রতিযোগিতা সক্ষমতা ও কমপ্লায়েন্স-সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমান প্রেক্ষাপটে এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য বিকল্প অর্থায়ন ও ইকুইটি-ভিত্তিক মূলধন সংগ্রহের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। ডিএসইর সঙ্গে এ অংশীদারত্ব সম্ভাবনাময় এসএমই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, কৃষি খাতসহ বিভিন্ন কৌশলগত খাতে একসঙ্গে কাজ করবে। পাশাপাশি পরিবেশ, সুশাসন, সাসটেইনেবিলিটি রিপোর্টিং, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীলতা, বাণিজ্য সহায়তা ও দক্ষতা উন্নয়নসংক্রান্ত বিষয়েও যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সক্ষমতা উন্নয়ন কর্মসূচি, সচেতনতামূলক কর্মশালা, ইনকিউবেশন সহায়তা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করবে, যা প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অধিকতর অংশগ্রহণে উৎসাহিত করবে। পাশাপাশি গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি-লিংকড বন্ড, সুকুক, ব্লেন্ডেড-ফাইন্যান্স মডেলসহ টেকসই অর্থায়ন ও পণ্য উন্নয়নেও সহযোগিতা করা হবে এ সমঝোতা স্মারকের আওতায়।