গ্লোবাল গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সমর্থনে একটি স্বনিয়ন্ত্রণকারী সংস্থা গঠন করেছে ভারতের স্বর্ণ শিল্প। ভোক্তাদের আস্থা বৃদ্ধি ও বিশ্বাস পুনরুদ্ধারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর গোল্ড এক্সেলেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস (আইএজিইএস) নামে এ সংস্থা গঠন করা হয়েছে। মঙ্গলবার ডব্লিউজিসির ইন্ডিয়ান অপারেশনের সিইও শচীন জৈন এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

শচীন জৈন বলেন, আইএজিইএস স্বর্ণ শিল্পে সৎ, স্বচ্ছ ও টেকসই অনুশীলন প্রচারের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি নিয়ন্ত্রণের মানদণ্ড, আচরণবিধি ও একটি নিরীক্ষা কাঠামো প্রতিষ্ঠা করবে।’

তিনি আরো বলেন, ‘‌চীনের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের ব্যবহারকারী দেশ ভারত। কিন্তু কিছু ব্যবসায়ীর অদক্ষতার কারণে ভোক্তাদের এমনকি সরকারের কাছে শিল্পের প্রতি আস্থার অভাব রয়েছে। তাই এ অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য একটি কঠোর নিরীক্ষার ভিত্তিতে স্বীকৃতি প্রদান করা। নিরীক্ষার পর সদস্যরা আইএজিইএস লোগো অর্জন করবে। বিক্রির সময় এটি তারা প্রদর্শন করতে পারেব।’

তবে শচীন জৈন নিরীক্ষার কাঠামোর বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তিনি জানান, ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ), অল ইন্ডিয়া গেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল অব ইন্ডিয়া (জিজেসি) ও গেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি) আইএজিইএসের অংশ হবে।