ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব নার্সিং ও ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এসব অংশীদারত্বের আওতায় নার্সিং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, গ্র্যাজুয়েটদের পেশাগত ইন্টার্নশিপ এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ইউনিকো হসপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তিনটি এমওইউতে স্বাক্ষর করেন। আইইউবিএটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম এমওইউটি ক্লিনিক্যাল প্লেসমেন্ট-সংক্রান্ত। এর আওতায় আইইউবিএটির চার বছর মেয়াদি ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা ইউনিকো হসপিটালসে তত্ত্বাবধানে ক্লিনিক্যাল রোটেশনে অংশ নেবেন। মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি ও কমিউনিটি হেলথসহ বিভিন্ন বিভাগে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রযোজ্য একাডেমিক ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে এসব কার্যক্রম পরিচালিত হবে। ফলে রোগীর সেবা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ক্লিনিক্যাল প্রক্রিয়া, যোগাযোগ দক্ষতা ও পেশাগত নৈতিকতার বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষের তাত্ত্বিক জ্ঞান বাস্তব স্বাস্থ্যসেবা পরিবেশে প্রয়োগের সুযোগ পাবেন।

দ্বিতীয় এমওইউর আওতায় ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের যোগ্য গ্র্যাজুয়েটরা ইউনিকো হসপিটালসে ছয় মাসের কাঠামোবদ্ধ পেশাগত ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ পাবেন। ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্নকারীদের হাসপাতালের পক্ষ থেকে অফিশিয়াল ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দেয়া হবে।

তৃতীয় এমওইউটি সেবা-সংক্রান্ত। এর আওতায় আইইউবিএটির শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও যোগ্য নির্ভরশীলরা ইউনিকো হসপিটালসের নির্বাচিত স্বাস্থ্যসেবা করপোরেট ছাড় উপভোগ করবেন। এর মধ্যে চিকিৎসকের পরামর্শ, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবা রয়েছে। সুবিধাগুলো চুক্তির শর্ত ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী কার্যকর হবে।

অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব বলেন, ‘এ অংশীদারত্ব একাডেমিক শিক্ষাকে পেশাগত স্বাস্থ্যসেবা অনুশীলনের সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত করবে।’ দক্ষ, নৈতিক ও আত্মবিশ্বাসী নার্সিং পেশাজীবী তৈরিতে ক্লিনিক্যাল অভিজ্ঞতা এবং কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে ইউনিকো হসপিটালসের সিইও আদ্রা কুরিয়েন জানান, এ ধরনের সহযোগিতা ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত প্রস্তুতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।