দেশে প্রথমবারের মতো কেইসভিত্তিক শিক্ষা ও গবেষণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) একটি কেন্দ্র চালু হয়েছে। আজ শনিবার নগরীর জামালখান এলাকার ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিআইইউ কেইস রাইটিং সেন্টারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলি হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার রুমা দাশ। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। পরে বক্তব্য দেন সিআইইউ কেইস রাইটিং সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ইফফাত ইশরাত খান এবং একটি বাণিজ্যিক ব্যাংকের চট্টগ্রাম শাখার প্রধান ওমর শরীফ।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন নর্থ আমেরিকান কেইস রিসার্চ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, কেইস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব সান ফ্রানসিস্কোর সহযোগী ডিন ড. মাইকেল গোল্ডম্যান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক কেইস বিতরণকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিকি লেস্টার।
আয়োজকরা জানান, যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড ইউনিভার্সিটিতে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় কেন্দ্রটি চালু হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক মানের বিভিন্ন শিক্ষণীয় কেইস তৈরি করা হবে। এতে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তুলে ধরা হবে।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করবে। এতে তাদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে কার্যকর সংযোগ তৈরি হবে। এতে ভবিষ্যতে দক্ষ পেশাজীবী গড়ে তুলতে ভূমিকা রাখবে।
এছাড়া উদীয়মান অর্থনীতির প্রেক্ষাপটে তৈরি এসব কেইস দেশী ও বিদেশী শিক্ষার্থী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণ উপকরণ হিসেবে ব্যবহৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।
—বিজ্ঞপ্তি










