ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম জুনে গত সাত মাসে সর্বনিম্নে নেমেছিল। দাম কমে যাওয়ায় সে সময় ভোজ্যতেলটির বেচাকেনা বেড়ে যায়। যার কারণে কমে আসে পাম অয়েলের মজুদ। এ কারণে গতকাল টানা দ্বিতীয় ধাপে ফিউচার মার্কেটে ঊর্ধ্বমুখী হয়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহের জন্য গতকাল পাম অয়েলের দাম ১০ রিঙ্গিত বা দশমিক ২৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৭৩৩ রিঙ্গিতে (৮৪২ ডলার ৬৬ সেন্ট)।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি) জানায়, জুলাইয়ের শেষে মালয়েশিয়ান পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। দেশটির মজুদ নেমেছে ১৭ লাখ ৩০ হাজার টনে, যা গত মার্চের পর সর্বনিম্ন।

অন্যদিকে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে গতকাল পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে।