মে দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয়দিন বন্ধের পর গতকাল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, মে দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১-৬ মে পর্যন্ত টানা ছয়দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ (গতকাল) সকাল সাড়ে ১০টায় পুনরায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড, বাংলাদেশী ট্রাকে লোড ও ডেলিভারিসহ সব কার্যক্রম শুরু হয়েছে।










