বিশ্বের প্রায় সব প্রধান অর্থনীতি সম্প্রতি উচ্চ সুদহার বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ দেশগুলোর মধ্যে প্রথমবার আর্থিক নীতি সহজ করল সুইজারল্যান্ড। মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে থাকায় সুদহার কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। খবর আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১ দশমিক ৫০ শতাংশে স্থির করেছে এসএনবি। সর্বশেষ নয় বছরের মধ্যে সুইজারল্যান্ডে এ ধরনের এটিই প্রথম পদক্ষেপ।

কেন্দ্রীয় ব্যাংকের দেয়া এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আড়াই বছর ধরে মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই চলছিল। এতে কার্যকর ফল পাওয়ায় মুদ্রানীতি সহজ করা সম্ভব হয়েছে।’

ইউরোপের অন্য দেশগুলোর মতো মূল্যস্ফীতি ও সুদহারের গোলক ধাঁধায় পড়েছিল সুইজারল্যান্ড। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্যানুসারে, বার্ষিক মুদ্রাস্ফীতির হার গত ফেব্রুয়ারিতে ১ দশমিক ২ শতাংশে নেমে এসেছে, যা ২০২১ সালের অক্টোবরের পর থেকে সর্বনিম্ন।

কেন্দ্রীয় ব্যাংক আরো আশা করছে, আগামী কয়েক বছরে মূল্যস্ফীতির হার ২ শতাংশের নিচে থাকবে।

এর মধ্যে দুই বছরের গড় মূল্যস্ফীতির পূর্বাভাস সংশোধন করেছে এসএনবি। পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, চলতি বছরে ১ দশমিক ৪ ও ২০২৫ সালের জন্য ১ দশমিক ২ শতাংশ পূর্বাভাস দেয়া হয়েছে। সংশোধনের আগে এ হার ছিল যথাক্রমে ১ দশমিক ৯ ও ১ দশমিক ৬ শতাংশ। এছাড়া প্রাথমিক পূর্বাভাস হিসেবে ২০২৬ সালের জন্য গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে ১ দশমিক ১ শতাংশ।

এসএনবি বলছে, সুইজারল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী প্রান্তিকে সন্তোষ পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। এ বছর জিডিপি প্রায় ১ শতাংশ বাড়বে।

তবে সতর্ক করে বলছে, বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েছে, যার প্রভাব সুইজারল্যান্ডের ওপরও পড়তে পারে। এর মধ্যে প্রধান ঝুঁকি হলো বিদেশের দুর্বল অর্থনৈতিক কার্যকলাপ। বন্ধকি ও রিয়েল এস্টেট বাজারের সাম্প্রতিক মন্থরতাকে সতর্কভাবে দেখছে এসএনবি।

এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক নিজেদের সর্বশেষ বৈঠকে বিদ্যমান সুদহার বজায় রেখেছে। মূল্যস্ফীতি কমার ওপর নির্ভর করে চলতি বছরে সুদহার কমানোর পূর্বাভাস দিয়েছে কোনো কোনো দেশ। এছাড়া মূল্য সংকোচনের পরিপ্রেক্ষিতে জাপান গত সপ্তাহে সুদহার বাড়ানোর ঘোষণা দেয়।