নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত মামলা বা বিভাগীয় কার্যক্রম বিচারাধীন থাকলে তা সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০০৫ সালের ৪ মে জারি করা বিআরপিডি সার্কুলার লেটার নং-৬-এর আলোকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা কার্যকর রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় বিভিন্ন ব্যাংকে শৃঙ্খলাজনিত অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওই সার্কুলারের একটি বিধান সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত মামলা বিচারাধীন থাকলে চাকরিবিধি অনুযায়ী সেই মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তিযোগ্য হতে হবে।