এ উপলক্ষে বুধবার রাজধানীতে আয়োজিত এক আনুষ্ঠানে ‘ল্যাবএইড ইন্স্যুরটেক কোম্পানি লিমিটেড’-এর সফট লঞ্চ অনুষ্ঠিত হয়। এ প্লাটফর্মটি সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দোরগোড়ায় সহজ, সাশ্রয়ী এবং প্রযুক্তিসক্ষম বীমা সেবা পৌঁছে দিতে কাজ করবে। ল্যাবএইডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতি ও গ্রাহকবান্ধব আর্থিক সেবার চাহিদাকে সামনে রেখে এ অ্যাপটির ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজেই বীমা সেবা নিতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের কর্ণধার ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন গ্রুপের পরিচালক ডা. সুচরিতা আহমেদ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের পরিচালক মাসতুরা ফারজানা মোহনা এবং ল্যাবএইড ইন্স্যুরটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরিফ মোহাম্মদ আবিদ। পাশাপাশি চার্টার্ড লাইফ, প্রগতি লাইফ, মেঘনা লাইফ, মাইক্রোমাস্টার ইন্স্যুরেন্স বেলজিয়াম এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা হেলথ, লাইফ, মোটর, ট্রাভেল, পেট (পোষা প্রাণী), ক্রপ (শস্য), ডিভাইস, প্রপার্টি ইন্স্যুরেন্সসহ বিস্তৃত সেবা পাবেন। এতে রয়েছে অনলাইন ক্লেইম সাবমিশন, রিয়েল-টাইম ট্র্যাকিং, ই-কেওয়াইসি এবং ক্যাশলেস চিকিৎসা সুবিধা।
প্লাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশের বীমা খাতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই পাওয়ার্ড ইন্স্যুরেন্স ই-কেওয়াইসি’ সিস্টেম চালু করা। এর মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই প্রক্রিয়া দ্রুত ও নিরাপদ হবে। এছাড়া নির্দিষ্ট যোগ্য ক্লেইমের ক্ষেত্রে মাত্র ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির সক্ষমতা এ প্লাটফর্মকে বাজারে অনন্য অবস্থানে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সাকিফ শামীম বলেন, ‘আমাদের লক্ষ্য বীমা খাতকে আরো স্বচ্ছ ও সহজলভ্য করা। এ অ্যাপ মানুষের আর্থিক নিরাপত্তার একটি স্মার্ট সমাধান। ল্যাবএইড গ্রুপের দীর্ঘদিনের আস্থাকে ভিত্তি করে আমরা ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঝুঁকি মোকাবেলায় কাজ করব।’ তিনি আরো জানান, ভবিষ্যতে এতে এমবেডেড ইন্স্যুরেন্স ও মাইক্রো-ইন্স্যুরেন্স যুক্ত করা হবে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষও বীমার আওতায় আসতে পারে।
উল্লেখ্য, ল্যাবএইড ইন্স্যুরটেক এরই মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে।










