ব্রাজিলের দক্ষিণাঞ্চলে জুলাইয়ের দ্বিতীয়ার্ধে চিনির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১৬ শতাংশ কমেছে। এ সময় দেশটিতে মোট চিনির উৎপাদন পৌঁছেছে ৩৬ লাখ ১০ হাজার টনে। এছাড়া জুলাইয়ে প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিলে আখের ফলনও কমেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডাস্ট্রি গ্রুপ ইউনিকা। খবর রয়টার্স।
ইউনিকা জানায়, এ সময় আখের ফলন কমে ৫ কোটি ১৩ লাখ ১০ হাজার টনে নেমেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৩৫ শতাংশ কম। এছাড়া গত বছরের জুলাইয়ে প্রতি হেক্টর জমি থেকে ৮ কোটি ৭৫ লাখ টন আখ উৎপাদন হয়েছিল। এ তুলনায় এবারের ফলন হেক্টরপ্রতি ১০ শতাংশ কমেছে।
ইউনিকার ডিরেক্টর লুসিয়ানো রড্রিগেস বলেন, ‘ফলন কমার তথ্য এ বছর সার্বিকভাবে আখের উৎপাদন কমার ইঙ্গিত দেয়।’
ব্রাজিলের প্রধান আখ উৎপাদনকারী অঞ্চল রিবেইরাও প্রেটো। বৃষ্টিপাত কমে যাওয়ায় এ এলাকায় বর্তমানে মাটির আর্দ্রতা গত সাত বছরে সর্বনিম্নে।










