আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ ও ক্যাশলেস ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান টেলিক্যাশ লিমিটেড। সাউথইস্ট ব্যাংক পিএলসির অঙ্গপ্রতিষ্ঠানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পায়। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাউথইস্ট ব্যাংকে চেয়ারম্যান এমএ কাশেম। বিশেষ অতিথি ছিলেন টেলিক্যাশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম বলেন, ‘বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে টেলিক্যাশ একটি যুগান্তকারী পদক্ষেপ। মূল ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক টেলিক্যাশকে প্রয়োজনীয় কৌশলগত সহায়তা ও নির্দেশনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সমাধান পৌঁছে দিতে পারে।’
দেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসারে টেলিক্যাশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান কোম্পানির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সাউথইস্ট ব্যাংকের অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও গ্রাহককেন্দ্রিক এমএফএস প্লাটফর্ম তৈরি করতে চাই।’ এ উদ্যোগ ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে টেলিক্যাশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম মনিরুল ইসলাম কোম্পানির ব্যবসায়িক কৌশল ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘টেলিক্যাশ কেবল বাজারে আরেকটি এমএফএস ব্র্যান্ড হিসেবে নয়; বরং প্রযুক্তিগত উৎকর্ষ, ঝুঁকি সচেতন পরিচালন এবং সুশাসনের সমন্বয়ে একটি আস্থাশীল প্লাটফর্ম গড়ে তুলতে চায়।’ তিনি জানান, ‘নিরাপদ লেনদেন নিমিষেই’—এ প্রতিপাদ্যে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনকে আরো সহজ ও সাশ্রয়ী করাই টেলিক্যাশের মূল লক্ষ্য।
অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলার আশাবাদ প্রকাশ করেন।










