স্বল্প বৃষ্টিপাতের সঙ্গে রেকর্ড শুষ্কতম মাস পার করেছে অস্ট্রেলিয়া। এতে খাদ্যপণ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে বিশ্বের শীর্ষস্থানীয় কৃষিপণ্য রফতানিকারক দেশটি। খবর রয়টার্স।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো সম্প্রতি জানিয়েছে, গত অক্টোবরে দেশটি দুই দশকের সবচেয়ে শুষ্কতম মাস পার করেছে। এর সঙ্গে বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। ফলে দেখা দিয়েছে খাদ্যশস্যের ফলন কমার আশঙ্কা।

খরাবিষয়ক নিয়মিত প্রতিবেদনে দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়ার আবহাওয়া ক্রমেই উষ্ণ ও শুষ্ক হয়ে আসছে। ২০০২ সালের পর থেকে গত অক্টোবর ছিল সবচেয়ে শুষ্কতম মাস। মাসটিতে ১৯৬১-৯০ সময়ের গড়ের চেয়ে ৬৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিক্টোরিয়া প্রদেশ ছাড়া অস্ট্রেলিয়ার প্রতিটি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল গড় স্তরের কম। এতে গমের ফলন প্রায় ৩৫ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে চলতি বছর খ্যাদ্যপণ্যটির ফলন ২ কোটি ৬০ লাখ টনে নামার পূর্বাভাস এসেছে।

আবহাওয়া ব্যুরো বলছে, দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড, উত্তর অঞ্চল ও দূর উত্তর কুইন্সল্যান্ডের শেষ প্রান্তের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি বেশি দেখা গেছে। তবে দক্ষিণ ভিক্টোরিয়া ও পূর্ব তাসমানিয়ায় ঘাটতি কিছুটা কমেছে।

সংস্থাটির দীর্ঘ পরিসরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর, পশ্চিম ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় অন্তত জানুয়ারি পর্যন্ত মধ্যম মাত্রার বৃষ্টিপাত হতে পারে।